লেখা তরজমা

সংস্কার আলাপনঃ সাহস অথবা ভীতুর কৌতূহল

সংস্কার আর ব্যাভিচার; যে করতে পারে সে করে ফেলে আর যে পারে না সে উচ্চবাচ্য করে। কথা আমার না, কোনো মহামতি রসিক কোনো সময় বলেছিলেন। দুইটাই গর্হিত কাজ, একটা নৈতিক ভাবে, আরেকটা সামাজিক ও অর্থনৈতিক ভাবে।  

মোল্লা নসরুদ্দীন আমাদের দুইটা গল্প বলে গেছেন। 

মোল্লাকে কাজ দিলে প্রতিবারে একটা একটা কাজ সে করে। একহালি লেবু আনতে বললে চারবারে আনে, দুইটা ডিম বললে দুইবারে আনে, পানি দিতে বললে একবার গিয়ে জগ, আরেকবার গিয়ে গ্লাস আনে। মোল্লার মনিব এতে বেজায় নাখোশ। তাকে বুঝাল বুদ্ধি খাটায়ে সময় বাঁচায়ে কিভাবে একবারেই কাজ শেষ করা যায়। 

তো মনিব শয্যাশায়ী, প্রাণ যায় যায় অবস্থা। মোল্লাকে ডাকা হল, ডাক্তার আনতে হবে। সে যে গেল তো গেল, সকালে গিয়ে আসল একেবারে সন্ধ্যায়। ততক্ষণে বৃদ্ধের প্রাণ যায় যায় করেও ঝুলে আছে। জিগেস করা হল এত দেরীর হেতু। মোল্লার জবাব, ডাক্তার আনতে হবে অসুখ সারাতে, এখন যদি নিঃশ্বাস বায়ু উড়েই যায় তাহলে হুজুরও লাগবে কুরআন পড়তে, তারপর মুর্দার জন্য গোসলের খাটিয়া, কাপড়ও লাগবে, তারপর জানাযার জন্যও হুজুর লাগবে, কবর খুড়তে গোরখোদক লাগবে। সব ঠিকঠাক করে নিয়ে আসতে আসতেই তার এত দেরী।

আরেকবার মোল্লা সুলতানের আদেশে ভাল্লুক শিকারের তলব পেলেন। তিনি ছিলেন ভীতু, কাঁপতে কাঁপতে কাফেলায় অংশ নিলেন তবে পরদিন খোশমেজাজে ঘরে ফিরলেন। তার বউ তো অবাক! জিগেস করল, কয়টা ভাল্লুক শিকার করলেন। মোল্লার উত্তর, একটাও না। আবার জিজ্ঞেসিল, কয়টা ভাল্লুক দেখলেন। মোল্লার জবাব, একটাও না। 

বউ এখন আরোও আশ্চর্য, কিছুই না করে এত খুশীর কারণ কি। মোল্লা বলল, আরে বউ! ভাল্লুক শিকারে একটাও না মানে যথেষ্টর চাইতে বেশীই! 

মানে, জান নিয়ে ফিরতে পারাটাই সফলতা।

এই আরকি, না ভীতুদের দিয়ে সংস্কার হবে, না সময় দীর্ঘায়িত করার মাধ্যমে সংস্কার হবে। লোহাকে তলোয়ার বানাতে গরম থাকা অবস্থাতেই পেটাতে হয়।

কয়েকদিনের মধ্যেই বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট চলে আসবে। এই পাঁচমাসে পুরাতন জটিলতা সব আবার জেঁকে বসে পড়েছে। এখন সংস্কার কাজ হবে চিমনীতে লেগে থাকা গ্রীজের মত, দ্রুত পরিষ্কার করলে তো সহজেই উঠত। এখন সেটাকে গরম পানিতে ভেজাতে হবে, চিমনী ক্লিনার স্প্রে করতে হবে, সাবান ঘষতে হবে। এতসবের পরেও কোণায় কিছু লেগেই থাকবে যদি ঠিকভাবে পরিষ্কার করা যায়।

পরিমার্জিত ও সংযোজিত (সংস্কারের রাজনৈতিক অর্থনীতি, আকবর আলী খান) 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ