লেখা তরজমা

কবিতা নাম্নী অ-কবিতামালা


কবিতা নাম্নী অ-কবিতামালা 

সাজ্জাদুর রহমান 


অনামিকা,
তোমার জন্য হাজার রাতের একটি তারাফুল
তোমার জন্য সর্ষেভেজা শুভ্র এক দুপুর
তোমার জন্য রাত্রিশেষে সতেজ সুবহে সাদিক
তোমার জন্য কুরবান হোক আমার সকল তাগিদ
তোমার জন্য কৃষ্ণচূড়ার রক্তলাল চাদর
তোমার জন্য চায়ের বিকেল, সমীরণের আদর
তোমার জন্য হলদে ফাগুন, কাঁপুনি আসা শীত
তোমার জন্য উর্দু গযল, বাংলা ভাটিয়ালী গীত
তোমার জন্য সূর্যের গরজ, বৃক্ষরাজির ছায়া
তোমার জন্য সমুদ্র সফেন, পাহাড়ে আছে মায়া
তোমার জন্য পাতার ফাঁকে ঠিকরে আসা রোদ
তোমার জন্য বইয়ের ফাঁকে ভাজ করা চিরকুট
তোমার জন্য শিশিরভেজা এক সকাল সুমধুর
তোমার জন্য আম আটির ভেঁপু, রাখালিয়া সুর
তোমার জন্য বহতা নদীর উদাস আরেক দুপুর
তোমার জন্য চাঁদের কায়া, ছায়ায় ঢাকা পুকুর
তোমার জন্য টুকরো শোক, শতেক সুখের আগর
তোমার জন্য প্রবাহিত আজ মুহাব্বাতের নহর।

০৮/০২/২০২১


পথ চলতে গিয়া আমি নিমিষেই হারায় যাই,
এদিক-সেদিক ফিরি, চারদিক হাতড়াই, পাই না
রাইতের আলো আর বাতাসের ধূলাতেও তোমারে খুঁজি
সন্ধারাইতের চাঁদ আমারে দেইখা ভেটকি দেয়,
কয়, এই ভর আলোয় তো তারে পাইবা না,
আন্ধারে আইসো, অমাবস্যায়।

অমাবস্যায় আবার আসি, কুচকুচা আন্ধার,
লাগে তুমি ছুইয়া বের হইয়া গেলা তবুও দেখি না,
হাসফাস করি, দম আটকায় যায়!
তোমার নিঃশ্বাস শুইনা দেহডা পরাণ ফিইরা পায়।
যান্ত্রিক জীবনে মরার লিগা আমার পরাণ পুরায়,
তুমি না হয় আমারে বেহেশতেই বাচাইয়ো।

০৬/০১/২০২২


আমার স্মৃতিতে কোনো আলো নেই।
গাছের পাতা ভেদ করা অপূর্ব সূর্যরশ্মি আমাকে ছুতে পারে না,
বইয়ের পাতায় থাকা জ্ঞানের আলোও আমাকে ফাকি দিয়ে বেরিয়ে যায়।
আলোরা আমার চোখে লুকোচুরি খেলে
এক্কাদোক্কা করে পালিয়ে বেড়ায়,
আলোর অস্তিত্বহীনতায় আমি নিজেকে আবার গড়ি
গভীর থেকে গভীরে গিয়ে মজবুত করি আমার ভিত
না পাওয়ার ব্যথাকে সান্ত্বনা দিই অসীমের পূর্ণতায়।

অবশেষে আলো আসে,
তবুও আমি অন্ধকারেই নিজেকে হাতড়ে বেড়াই।

০৩/১২/২০২১


আসমানে আজ মেঘের আড়ে পবিত্র পয়গাম।
হন্যি পাখির কুহু ডাকে শুনে আগমনী গান,
লা শারীকের বিশ্বাস তার কন্ঠের গর্জন
নত শিরে করে নিরালায় রবকে বীক্ষণ।
সান্ধ্য হাওয়ায় বার্তা উড়ে এসেছে আবার ফিরে
হল্লা করে রব যে উঠে তাকেই বরণ করে।
লা-জবাব চোখের তারায় তৃপ্তিরা ভর করে
নষ্ট হতে দেব না এবার সুযোগ এসেছে ঘুরে।
মাশরিক থেকে মাগরিব আজ তারই সওগাত,
হে মুসলিম, করে নাও আজ ঈমানের বাইয়াত।
রহমদীল আল্লাহ তায়ালা করেছেন ওয়াদা!
মন ভরিয়ে দিবেন যাদের পাকা হবে ইরাদা।
জাল সব আমলগুলো আল্লাহর রাহে ছেড়ে
নতুন ভাবে শুরু হোক এই শাহরু রমজানে।

১৩/০৪/২০২১


মধ্যরাতের শ্রান্ত পথিক তুমি,
দিনের শেষে গোধূলি বেলায়
পাখির ডাকের মধুর মায়ায়
আমার সাথে চায়ের কাপে
চাই যে তোমায় আমি।

রাতের বেলা বারান্দাতে বসে
হুতোম পেঁচার ভয়ানক সেই ডাকে,
ভয় পেয়ে যে তোমার কাঁধে
মুখ গুজে, হাত তোমার হাতে
রেখে থাকতে চাই আমি।

সকাল বেলায় কাকের কা কা ডাকে
তোমার ক্লান্ত ঘুমঘুম সেই চোখে
আমার স্বপ্ন বেড়ায় ভেসে
তোমার কোলে মাথা রেখে
হারিয়ে যেতে চাই আমি।

দুপুর বেলার আড়ষ্ট সেই ক্ষণে
তোমার স্বপন দেখি আনমনে।
ঘুম পাড়ানী গান যে গেয়ে
মাথায় চুলে হাত বুলিয়ে
আমায়, ঘুম পাড়াবে তুমি।

সকাল, দুপুর, বিকাল, রাতে
তোমার কথা যাই ভেবে।
স্বপ্নে নয়, বাস্তবে এসো
তোমার চোখে চোখ রেখে
বলি, এটুকুই চাই আমি।

২৬/০৬/২০২০


তোমার ওই মিষ্টি হাসিমুখ,
মুছে দেয় আমার প্রাণের সব কান্নামাখা দুঃখ।
তোমার চোখের মৃদু ঈশারায়,
মনটা আমার যায় যে উড়ে সুদূর আকাশটায়।
তোমার হাতের আলতো ছোঁয়ায়,
ডুবে যাই আমি ভালোবাসার মিষ্টি কল্পনায়।
তোমার চুলের মনমাতানো ঘ্রাণে,
শিখে যাই সবসময় আমি ভালোবাসার মানে।
তোমার সাথে কাটানো একটি মাত্র দিন,
আমার কাছে স্রষ্টা থেকে পাওয়া সবচেয়ে বড় ঋণ।

২৫/১০/২০২০



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ