লেখা তরজমা

মুসলিম স্বর্ণযুগে বাঙালী চিকিৎসক


মুসলিম স্বর্ণযুগের ইতিহাস তো অনেক জানি। আচ্ছা, কখনো কি মনে প্রশ্ন জাগেনা এই বাঙাল মুলুক থেকে স্বর্ণযুগে কারো পায়ের ছাপ পড়েছিল কিনা?

তো, জানা যাক তা নিয়েই। মুসলিম বিজ্ঞানের ইতিহাস নিয়ে বলতে গেলে চিকিৎসা বিজ্ঞানকে উপরেই রাখতে হয়। ইবনে সিনা, আবু আল কাসিম সহ হাজারো বিজ্ঞানীর পদচারণায় মুখর ছিল বিশ্বের বিভিন্ন প্রান্তর। সেরকমই একজনকে আজকে পরিচিত করানো যাক। মোহাম্মাদ আল মাহদী বিন আলী সুনপুরী আল ইয়ামানী আল হিন্দী। এখানে তার লকব সুনপুরী যেটা মূলত সুবর্ণপুরকে প্রতিনিধিত্ব করে। বসবাস করতেন ইয়েমেনের আল মুকরীতে ।
দূর্ভাগ্যজনক হলেও সত্য তাঁর জীবনি নিয়ে ইতিহাস নীরব। তবে বিখ্যাত ঐতিহাসিক সারটন তার Introduction to the History of Sciences গ্রন্থে বলেছেন, “তিনি ইয়েমেনে বসবাস করতেন তবে বাঙালি অথবা হিন্দু ছিলেন। ( হিন্দু বলতে হিন্দের অধিবাসী)। মুসলিমদের বিজ্ঞানের উৎকর্ষতা বিভিন্ন জায়গা থেকে মানুষকে এসব পবিত্র শহরগুলোতে (বাগদাদ, ইয়েমেন, কর্ডোভা, আলেকজান্দ্রিয়া, ইত্যাদি) নিয়ে আসত এবং তাদের মধ্যে কিছু কখনোই ফিরে যেত না। এরকমটিই ঘটেছিল মোহাম্মাদ আল মাহদী বিন আলীর ক্ষেত্রে। (ভলিউম-১১১, ২য় খন্ড, পৃষ্ঠা- ১২১৫)।
তবে তাঁর লেখা কিছু বইয়ের নাম ইতিহাস আমাদের সামনে উম্মুক্ত রেখেছে। তন্মধ্যে “রহমা ফিততীব ওয়াল হিকমা” বইটি উল্লেখযোগ্য। এটি পাঁচ ভাগে বিভক্ত একটি গ্রন্থ। যথাক্রমে পদার্থবিদ্যা, খাদ্যবস্তু এবং ঔষধ, স্বাস্থ্য, শরীরের বিভিন্ন অংশের রোগ এবং সাধারণ রোগ নিয়ে আলোচনা ছিল বইটিতে। এটি কায়রোতে মুদ্রিত হয়েছিল ১৩০০, ১৩০২ এবং ১৩০৪ হিজরীতে। অর্থাৎ ১৮৮০, ১৮৮২ এবং ১৮৮৪ খ্রীস্টাব্দে। ১৩০৪ হিজরী অথবা ১৮৮৪ খ্রীস্টাব্দের সংস্করণে “তিব্বুন নবী” নামে একটি অধ্যায়ও সংযোজন করা হয়। আবার ফরাসী ভাষায় অনুদিত হয়েছিল প্রফেসর ফ্লোরিয়ান ফারাউন ( Prof. Florian Pharaon) কর্তৃক। বইটির নাম ইংলিশে বললে দাঁড়ায়, “Book of Mercy Concerning Medicine and Medical Wisdom.”
আরো কিছু বইয়ের সন্ধান পাওয়া যায়। নামগুলো হচ্ছে, “শিফা ওয়াল আজসাম” এবং “তাসহিলুল আনাফি ফিততীব ওয়াল হিকমা।” তিনি মৃত্যুবরণ করেন ১৪৩২ খৃষ্টাব্দে।

তথ্যসূত্র :
১/ বিজ্ঞানে মুসলমানদের অবদান - মুহাম্মদ নূরুল আমিন।
২/ বিজ্ঞানে মুসলমানের দান - এম আকবর আলী।
৩/ Introduction to the History of Sciences - George Sarton.



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ