জানো, ইতিহাস কাউকে ক্ষমা করেনা।
ইতিহাস আসলে কাউকে ক্ষমা করতে পারেনা।
জুলিয়াস সিজারকে হত্যা করা ব্রুটাস, কিংবা
এরিস্টটলকে বিষের পেয়ালা দেয়া সেই রক্ষী
ইতিহাস কাউকেই মনে রাখেনি, বিশ্বাসঘাতকদের ছাড়া।
অলিতে গলিতে ঘুরে তাই আজ বিশ্বাসঘাতকদের খুঁজি।
তুমি কি জানো, কাকে বিশ্বাসঘাতক বলা যাবে?
বাংলার স্বাধীনতাকে ছুড়ে ফেলা মীর জাফরকে?
কারো চোখে সে কি মহানায়ক নয়?
বিশ্বাসঘাতকতার সংজ্ঞাতেও এভাবে বৈষম্য আসবে, ভেবেছিলে কি?
চলো এবার প্রশ্ন করা শিখি নিজেকে,
আয়নার সামনে দাঁড়িয়ে তর্জনী তুলে
চলো সমালোচনায় বিদ্ধ করি নিজেকে।
নিজের চোখের দিকে তাকাও, প্রশ্ন করো
এই চোখ শেষ কবে সত্য বলেছিল তোমাকে?
অন্তরকে শুধাও, বারংবার মিথ্যা হাতছানি কেন দেয়?
কেন নিজের সাথেই এই বিষম বিশ্বাসঘাতকতা?
উত্তর খুঁজতে গেলে ইতিহাস আমাকেও ক্ষমা করবেনা।
ইতিহাস অতি সূক্ষ্ম, পরকালের পুলসিরাতের মত
এদিক ওদিক হলেই আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
বিশ্বাস এবং বিশ্বাসহীনতার দ্বন্দ্বে তাই আজ আমি মধ্যবিত্ত।
0 মন্তব্যসমূহ